@rabindranath
যেদিন স্বপ্নভঙ্গ হয়েছিলো নির্ঝরের, সেটা ছিলো, শুধু বাঙালির জন্যেই নয়, মানুষের জন্যেই এক মহাশুভদিন। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি তাঁর ইশতেহারের মতো; এতে তিনি চরণে চরণে যা কিছু ঘোষণা করেছেন, সারাজীবন বাস্তবায়িত ক’রে গেছেন তাই। গুহার আঁধারে রবির কর আর প্রভাতপাখির গান পৌঁছোনোর পর ওই যে প্রাণ জেগে উঠলো, থর থর ক’রে কাঁপতে শুরু করলো ভূধর, তা আর থামে নি; সারাজীবন তিনি ঢেলে চললেন করুণাধারা, ভেঙে চললেন পাষাণকারা, জগৎ প্লাবিয়া গেয়ে চললেন গান, ঢেলে দিতে লাগলেন প্রাণ, আর দিকে দিকে ভ’রে উঠতে লাগলো বাঙলা কবিতা।